সরকারি আদেশ অমান্য করে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। দোহারের মাহমুদ ইউনিয়নের মাহমুদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা কাজল রেখা এই অতিরিক্ত ফি আদায় করেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুসারে এমপিওভুক্ত নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ৩ ঘণ্টার পরীক্ষার জন্য প্রতি বিষয়ে ৪০ টাকা নিতে পারবে। তিন ঘণ্টার কম সময়ের পরীক্ষা হলে তার জন্য বিষয় প্রতি ৩০ টাকা নিতে পারবে।
মাহমুদপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জানান, তাদের কাছ থেকে বার্ষিক পরীক্ষার জন্য ৬০০ টাকা নেওয়া হয়েছে। তাদের ৯ টি পরীক্ষা নেওয়া হবে। সরকারি নীতিমালা অনুসারে, তিন ঘণ্টার ৯ টি বিষয়ের মোট পরীক্ষা ফি আসে ৩৬০ টাকা। সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কাছে থেকে বার্ষিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ৬০০ টাকা। সপ্তম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে সরকারি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত ২৪০ টাকা করে বেশি নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাহমুদপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা কাজল রেখা সত্যতা স্বীকার করে বলেন,”সরকার নির্ধারিত ফি নিলে স্কুল চালানো যায় না। সপ্তম শ্রেণিতে আগেও পরীক্ষায় ৬০০ টাকা ফি নেওয়া হতো, এবারও তাই নেওয়া হয়েছে।”